গীতিকার রবিউল ইসলাম জীবনের লেখা বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লুইপা। তাঁদের সৃষ্টিশীল জুটিও শ্রোতাদের কাছে পেয়েছে প্রশংসা। এবার সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন দুজন। গানটির নাম ‘প্রজাপতি’।
রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন লুইপা। এর সুর ও সংগীতায়োজন করেছেন সাম্যব্রত দৃপ্ত। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। বিশেষ এই গানটি লুইপা উৎসর্গ করেছেন তাঁর মেয়ে পায়রার জন্মদিনে।
চার বছর আগে ‘পরাণ’ সিনেমার ‘ধীরে ধীরে’ গানে একসঙ্গে কাজ করেছিলেন লুইপা ও রবিউল ইসলাম জীবন। গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন জীবন। এরপর তাঁদের একাধিক গান শ্রোতাদের সামনে এসেছে।
‘প্রজাপতি’ গানটির পেছনে রয়েছে বাবা-মেয়ের মিষ্টি এক গল্প। ঘটনাটি এবারের রোজার ঈদের সময়ের। স্ত্রী ও সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন জীবন। এক বিকেলে মেয়েকে নিয়ে হাঁটতে বের হন তিনি। রাস্তার পাশে ছোট ছোট গাছ ও গুল্মে তখন উড়ে বেড়াচ্ছিল অসংখ্য প্রজাপতি।
ছোট্ট মাইজাহর চোখে তখন বিস্ময়। প্রজাপতি ছুঁতে তাদের পেছনে ছুটছিল সে। মেয়ের সেই মুগ্ধতার মুহূর্ত মুঠোফোনে ধারণ করে রেখেছিলেন জীবন।
পরে ঢাকায় ফিরে সেই ভিডিও দেখতে গিয়ে তাঁর মাথায় আসে গানের ভাবনা। সেখান থেকেই লেখা হয় ‘প্রজাপতি’।
জীবন বলেন, ঢাকায় ফিরে মেয়ের সেই ভিডিও দেখতে গিয়ে হঠাৎই গানের ভাবনা মাথায় আসে। সন্তানকে ঘিরে ভাবনাটি তৈরি হলেও গানটি এমনভাবে লেখা হয়েছে, যাতে শ্রোতারা নিজেদের বন্ধু, প্রিয় মানুষ কিংবা যেকোনো সুখের অনুভূতির সঙ্গে এর গল্প মিলিয়ে নিতে পারেন।
গানটির প্রাথমিক সুর ও সংগীতায়োজনের পর লুইপাকে শোনানো হয় ‘প্রজাপতি’। প্রথমবার শুনেই গানটি পছন্দ করেন তিনি। গানটির পাশাপাশি এর পেছনের গল্পও তাঁকে আবেগাপ্লুত করে।
তখনই সিদ্ধান্ত নেন, গানটি হবে তাঁর মেয়ে পায়রার জন্মদিনের বিশেষ উপহার। গত ৫ সেপ্টেম্বর পায়রার জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ করেন লুইপা।
গানটির ভিডিওতেও রয়েছে মা-মেয়ের উপস্থিতি। চন্দন রায় চৌধুরীর নির্মাণে ভিডিওটিতে নিজের মেয়ে পায়রাকে নিয়ে অভিনয় করেছেন লুইপা।
‘প্রজাপতি’ নিয়ে লুইপা বলেন, তাঁর মৌলিক গানগুলোর মধ্যে এটি বিশেষ হয়ে থাকবে। তাঁর বিশ্বাস, গানটি শোনার সময় শ্রোতাদের চোখের সামনে নিজেদের প্রিয় ‘প্রজাপতি’র ছবিও ভেসে উঠবে।
একই গান যেন দুই পরিবারের দুই ‘প্রজাপতি’র গল্পকে এক সুতোয় বেঁধেছে। বাবা-মেয়ের মুগ্ধতা থেকে জন্ম নেওয়া সেই গল্প এবার শব্দ, সুর ও কণ্ঠের মাধ্যমে ছড়িয়ে পড়ছে শ্রোতাদের মনেও।
কালের আলো/এসএ

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৩৯ অপরাহ্ণ