১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি?

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৩২ অপরাহ্ণ

ঢালিউড অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে এই অভিনেত্রীর।

তবে পূজা চেরির বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে কিংবা অনুষ্ঠানের বিস্তারিত কী—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। বিষয়টি আপাতত তার ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একইসঙ্গে তিনি স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন বিয়ের তারিখ কিংবা হবু জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।

এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পূজা চেরির বিয়ে হয়ে গেছে—এমন খবর। বিষয়টি নিয়ে পরে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনো বিয়ে হয়নি। পাশাপাশি বিয়ে হলে তা গোপন রাখবেন না বলেও ইঙ্গিত দেন।

এবার সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিনই পূজা চেরির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তবে এখন পর্যন্ত পাত্রের পরিচয়, বিয়ের ভেন্যু কিংবা আয়োজনের ধরন নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল বাড়লেও আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হচ্ছে ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করা পূজা চেরি পরবর্তীতে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন।

সত্যিই যদি ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, তাহলে ব্যক্তিজীবনে নতুন এক অধ্যায়ে পা রাখবেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে তারিখটি নিয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন