উদ্যোক্তা তৈরি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের মাধ্যমে দেশে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ‘ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্প’-এর উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এটি ৫০ কোটি টাকার একটি পাইলট প্রকল্প। ব্যাংকে যেতে ভয় পান বা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষদের ঋণ দেওয়ার মাধ্যমে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ প্রকল্পের লক্ষ্য।
তিনি বলেন, উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল উদ্দেশ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন এই প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৃজনশীল অর্থনীতির গুরুত্ব তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার নতুন করে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্ব দিচ্ছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণ নয়, প্রশিক্ষণ, পণ্য উন্নয়ন, ব্র্যান্ডিং ও বিপণনেও সহায়তা দেওয়া হচ্ছে।
কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত মানুষদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে তাদের সৃষ্টিকে বাজারযোগ্য পণ্যে পরিণত করার সুযোগ রয়েছে।
মন্ত্রী আরও বলেন, সৃজনশীল মানুষদের অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে চায় সরকার। ক্রিয়েটিভ ইকোনমিতে বেশি মনোযোগ ও সহায়তা দেওয়া হলে এর ইতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকটির খেলাপি ঋণ বা এনপিএল ৪ শতাংশ থেকে কমিয়ে ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনতে পারলে তা আরও ভালো হবে। একই সঙ্গে তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক ভালো করছে এবং লাভও করছে।
কালের আলো/এসকে/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৩৯ অপরাহ্ণ