নিরাপদ খাদ্য ও অপচয় রোধে মিলানের সঙ্গে কাজ করবে খুলনা:মীর শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১:৫৭ অপরাহ্ণ

নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্যের অপচয় কমাতে ইতালির মিলান সিটির সঙ্গে যৌথভাবে কাজ করবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ লক্ষ্যে দুই শহরের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ এবং বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য ও খাদ্য অপচয় রোধে বাংলাদেশের একটি নগর প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে মিলান সিটি। বাংলাদেশের একটি শহর বাছাইয়ের ক্ষেত্রে মিলানের সঙ্গে কাজের উপযোগিতা বিবেচনায় খুলনা সিটি করপোরেশনকে নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, মিলান সিটি ২০১৫ সাল থেকে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছে। খাদ্যের অপচয় কমানো এবং খাবার নষ্ট হওয়া রোধে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুলনা সিটিতে উদ্যোগ নেওয়া হলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে ইতালি। এ জন্য খুলনা সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন স্থপতিকে ইতালিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
মীর শাহে আলম জানান, ইতালি থেকে প্রশিক্ষণের জন্য কতজনকে আমন্ত্রণ জানানো হবে এবং প্রয়োজনীয় তথ্য জানানো হলে বাংলাদেশ থেকে সংশ্লিষ্টদের পাঠানোর ব্যবস্থা করা হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন