ঠাকুরগাঁওবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে ঢাকার পথে রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৪২ অপরাহ্ণ

দুই দিনের সরকারি সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর ১টা ৫০ মিনিটে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

রাষ্ট্রপতিকে বিদায় জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই ছিল মির্জা ফখরুলের প্রথম সরকারি সফর। রোববার দুপুরে ঠাকুরগাঁও পৌঁছে তিনি সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন। পরে নিজ বাসভবনে গিয়ে সময় কাটান।

বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত নাগরিক গণসংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। তাঁকে একনজর দেখতে বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

দ্বিতীয় দিন সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। পরে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্ববিদ্যালয়টি যথাযথভাবে গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

দুই দিনের সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ রাষ্ট্রপতির সফরসূচির বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

রাষ্ট্রপতির সফর ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে গণসংবর্ধনা ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন