বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা তার ফিটনেসের পাশাপাশি ত্বকের যত্ন নিয়েও বেশ সচেতন। ৫২ বছর বয়সেও ত্বকের আর্দ্রতা ও সতেজতা ধরে রাখতে নিয়মিত স্কিনকেয়ার রুটিন অনুসরণ করেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ঘুমাতে যাওয়ার আগে নিজের ত্বকের পরিচর্যার ধাপগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
ভিডিওতে মালাইকা জানান, সারাদিনের ব্যস্ততার পর তার রাতের স্কিনকেয়ার শুরু হয় মেকআপ পুরোপুরি তুলে ফেলার মাধ্যমে। তিনি প্রথমে ক্লিনজিং বাম দিয়ে ডাবল ক্লিনজিং করেন। এরপর হালকা গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে মুখ পরিষ্কার করে নেন এবং সাধারণ ক্লিনজার দিয়ে দ্বিতীয়বার মুখ ধুয়ে ফেলেন।
মুখ পরিষ্কার করার পর ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কয়েক ধাপে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন তিনি। প্রথমে মুখে ফেস মিস্ট স্প্রে করেন। এরপর হায়ালুরোনিক অ্যাসিড-ভিত্তিক প্রোডাক্ট এবং একটি পেপটাইড সিরাম ব্যবহার করেন। এর পর রয়েছে তেলভিত্তিক একটি নাইট সিরাম, যেটির প্রতি নিজের বিশেষ আগ্রহের কথাও জানান অভিনেত্রী।
রাতের রুটিনে চোখের চারপাশের ত্বকের জন্য আই ক্রিম ব্যবহার করেন মালাইকা। ত্বক শুষ্ক মনে হলে অতিরিক্ত কয়েক ফোঁটা হাইড্রেটিং প্রোডাক্টও লাগান। এমনকি হাতে অতিরিক্ত লেগে থাকা স্কিনকেয়ার প্রোডাক্টও অপচয় না করে ত্বকে মেখে নেওয়ার পরামর্শ দেন তিনি।
সবশেষে ঠোঁটে লিপ বাম লাগিয়ে রুটিন শেষ করেন মালাইকা। এরপর ভক্তদের শুভরাত্রি জানিয়ে ভিডিওটি শেষ করেন।
মালাইকা অরোরা দীর্ঘদিন ধরে বলিউডের অন্যতম পরিচিত নৃত্যশিল্পী হিসেবে জনপ্রিয়। দিল সে-এর ‘ছাইয়া ছাইয়া’ এবং দাবাং-এর ‘মুন্নি বদনাম হুই’-এর মতো গানে তার পারফরম্যান্স বিশেষভাবে আলোচিত।
কালের আলো/এসএ

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৫৪ অপরাহ্ণ