চলমান নারী এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ ও পাকিস্তানও শেষ চারের লড়াইয়ে রয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সেই ম্যাচে নতুন করে আলোচনায় উঠে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির উপস্থিতি।
জিও সুপার ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে জানা গেছে, নারী এশিয়া কাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নাকভির। ফলে ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হলে তাদের হাতে ট্রফি তুলে দেওয়ার দায়িত্বও তার ওপর পড়তে পারে।
আর সেখানেই তৈরি হয়েছে কৌতূহল। কারণ গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালেও ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতার পর ট্রফি গ্রহণের সময় নাকভিকে নিয়ে তৈরি হয় জটিলতা। শেষ পর্যন্ত ভারতীয় দল তার কাছ থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। ফলে ট্রফি ছাড়াই মঞ্চে শিরোপা উদযাপন করেন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। পরে ট্রফিটি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কার্যালয়ে রাখা হয়েছিল বলে জানা যায়।
এবারও যদি ভারত ও পাকিস্তান ফাইনালে মুখোমুখি হয় এবং ভারত শিরোপা জেতে, তাহলে ট্রফি গ্রহণের সেই পুরোনো বিতর্ক নতুন করে সামনে আসতে পারে। তবে এ বিষয়ে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।
নারী এশিয়া কাপে অবশ্য এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে ভারত। থাইল্যান্ড ও হংকংয়ের পর পাকিস্তানকেও হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৫ রানে অলআউট হয় ফাতিমা সানার দল। পরে সহজেই সাত উইকেটের জয় তুলে নেয় ভারত।
ফলে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই সেমিফাইনালে উঠেছে ভারত। এখন প্রশ্ন একটাই—ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হলে আবারও কি ট্রফি গ্রহণ নিয়ে তৈরি হবে নতুন কোনো নাটক?
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:০৭ অপরাহ্ণ