মার্কিন ডলারের দর কমায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৯ দশমিক ৮৯ ডলারে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৪৭৫ দশমিক ১০ ডলারে রয়েছে।
এদিন মার্কিন ডলার সূচকও শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে। ফলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়েছে।
এতে স্বর্ণের চাহিদা বাড়ার পাশাপাশি দামও বেড়েছে।
পেপারস্টোন গ্রুপের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজারে বর্তমানে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে টানাপোড়েন চলছে।
তবে কোনো পক্ষই এমন শক্ত অবস্থানে নেই, যা স্বর্ণের দামে দীর্ঘস্থায়ী কোনো দিকনির্দেশনা তৈরি করতে পারে।
এর আগে টানা দুই সেশনে স্বর্ণের দাম কমেছিল। আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ার তথ্য প্রকাশের পর দেশটির সুদের হার নিয়ে বাজারে নতুন করে আলোচনা শুরু হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত ছিল।
তবে এখনো মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সাধারণত সুদের হার বাড়লে কোনো সুদ না দেওয়া স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৭৮ ডলার হয়েছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৪ ডলারে। আর প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৪০২ দশমিক ৮৭ ডলার।
সূত্র: রয়টার্স
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৫৮ পূর্বাহ্ণ