ষড়যন্ত্র-চক্রান্ত করেও বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:১৯ অপরাহ্ণ

ষড়যন্ত্র ও চক্রান্ত করে আগামী শত বছরেও বিএনপিকে ধ্বংস করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভার বিষয় ছিল ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’।
হুইপ দুলু বলেন, বিএনপির ওপর যখনই নির্যাতন, নিপীড়ন ও অত্যাচার চালানো হয়েছে, তখনই দলটি আরও জনপ্রিয় ও শক্তিশালী হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পরও বিএনপিকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি।
তিনি বলেন, বিভিন্ন সময়ে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে। কিন্তু দলটি এখনো টিকে আছে এবং জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে।
এরশাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে দুলু বলেন, সে সময় বিএনপির অনেক নেতা দল ছেড়ে গেলেও খালেদা জিয়া রাজপথে থেকে আন্দোলন চালিয়ে গেছেন। জেল, জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করে শেষ পর্যন্ত এরশাদ সরকারের পতন ঘটানো হয়।
ওয়ান-ইলেভেনের সময়ও বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল। এত কিছুর পরও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হুইপ দুলু বলেন, তিনি দেশে ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। তবে সাহস থাকলে সোনামসজিদ সীমান্ত দিয়ে দেশে ফেরার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের হত্যাকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, নিহতদের পরিবার এখনো বিচারপ্রত্যাশী। যারা নির্যাতনের শিকার হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবারের সামনে এসব ঘটনার বিচার নিশ্চিত করা প্রয়োজন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন দুলু। দীর্ঘদিনের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত কাজ করছেন। জনগণকে কিছুদিন কষ্ট করতে হলেও বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে হুইপ দুলু বলেন, বিএনপির সঙ্গে তার সম্পর্ক ৪৮ বছরের। স্কুলজীবন থেকেই তিনি দলটির সঙ্গে সম্পৃক্ত। মন্ত্রী, এমপি কিংবা ক্ষমতার পদকে বড় বিষয় মনে করেন না উল্লেখ করে তিনি বলেন, বিএনপির একজন কর্মী হিসেবে রাজনীতি শুরু করেছেন এবং কর্মী হিসেবেই মৃত্যুবরণ করতে চান।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন