দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যেও নতুন বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে তাৎক্ষণিক কোনো আর্থিক চাপ তৈরি হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বোয়িং কেনার অর্থ পরিশোধ একসঙ্গে করতে হবে না, ধাপে ধাপে দীর্ঘ সময় ধরে পরিশোধ করা হবে।
একইসঙ্গে প্রয়োজন অনুযায়ী এয়ারবাসও কেনা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
বোয়িং কেনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, সরকার খুবই খারাপ অর্থনৈতিক পরিস্থিতি হাতে পেয়েছে, এটি সত্য। তবে রাষ্ট্র সংকটে থাকলেও তার প্রয়োজনীয়তা অনুযায়ী কিছু সিদ্ধান্ত নিতে হয়।
নতুন বোয়িং কেনার ক্ষেত্রে অর্থনীতিতে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।তিনি বলেন, আমরা যে বোয়িং কেনার কথা বলছি, এই বোয়িংগুলোর পেমেন্ট এখন থেকে ধাপে ধাপে অনেক দিন পর্যন্ত হতে থাকবে।
আর এই বোয়িংগুলো হাতে পাওয়া আমাদের জন্য লম্বা সময়ের ব্যাপার। সুতরাং এক্ষুনি অল্প সময়ের মধ্যে অনেক টাকা দিয়ে দিতে হবে, বিষয়টা মোটেও তা নয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রাষ্ট্র তার প্রয়োজন অনুযায়ী চলবে। সংকট থাকলেও প্রয়োজনীয় বিষয়গুলো মেটাতে হবে। নতুন বোয়িংয়ের অর্ডারের কোনো ‘ইমিডিয়েট ইফেক্ট’ নেই। সরকারের আত্মবিশ্বাস, খুব বেশি সময় লাগবে না এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে প্রয়োজনীয় উড়োজাহাজ কেনার ফলে অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হবে না।
এয়ারবাসও কেনা হবে
বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস কেনার সম্ভাবনা নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, প্রয়োজন হলে বাংলাদেশ এয়ারবাসও কিনবে এমন কথা সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বোয়িং পরিচালনা করায় এই উড়োজাহাজের সঙ্গে সংশ্লিষ্ট সহায়ক জনবল ও কারিগরি সক্ষমতা অনেকটাই প্রস্তুত এবং প্রশিক্ষিত রয়েছে। এ কারণেই বোয়িংয়ের প্রতি কিছুটা বেশি পছন্দ থাকার বিষয়টি সামনে এসেছে।
তবে এর অর্থ এয়ারবাসকে বাদ দেওয়া নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইউরোপীয় ইউনিয়নের এয়ারবাস নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজন অনুযায়ী এয়ারবাস থেকেও উড়োজাহাজ কেনা হবে। ফলে একজনকে বাদ দিয়ে অন্যজনকে সামনে আনার কোনো বিষয় নেই।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:১৫ অপরাহ্ণ