দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৩৭ অপরাহ্ণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। পরে তাকে জেলে যেতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, তা বিবেচ্য বিষয় নয়।

স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের বহু লোক ভারতে পালিয়ে আছেন। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার।
ভারতের বিচার বিভাগও এটি দেখছে।

মক্কা প্যাক্ট নিয়ে শামা ওবায়েদ বলেন, এই প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যাবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।

বাংলাদেশ সরকার ভবিষ্যতে যেকোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতি সবার আগে অনুসরণ করবে। এমন গ্রুপ দেশের মানুষের স্বার্থসংশ্লিষ্ট কি না এবং উপকারে আসবে কি না, সেটা বিবেচনা করে মক্কা প্যাক্টে যাওয়া হবে। সেই সময় হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কথা বলবে।

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফজলে এলাহীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সন্ধানী বার্তা/এএএন/এমএসআইপি

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন