২০২৭ সালের হজ প্যাকেজ পুনর্নির্ধারণ, খরচ কমল ধর্ম মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৫৬ অপরাহ্ণ

সাধারণ মানুষের জন্য হজকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আনিসুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নতুন প্যাকেজে খাবারের খরচও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালে খাবারের খরচ ছাড়া সরকারের সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। এবার খাবারের জন্য ৩৯ হাজার ৫০৮ টাকা যুক্ত হয়েছে। পাশাপাশি সৌদি আরবে মিনা ও আরাফাতের সেবা কাঠামো পরিবর্তনের কারণে ব্যয় বেড়েছে ৭০০ সৌদি রিয়াল বা প্রায় ২৩ হাজার ২৪০ টাকা। বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়েও ব্যয় বেড়েছে ৩ হাজার ৮২৫ টাকা।

সব মিলিয়ে আগের কাঠামো অপরিবর্তিত থাকলে ২০২৭ সালের সর্বনিম্ন প্যাকেজের খরচ দাঁড়াত ৫ লাখ ৩৩ হাজার ৭৪০ টাকা।

তবে হজ ফ্লাইটের বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো এবং স্থানীয় ও প্রশাসনিক বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের ফলে শেষ পর্যন্ত সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকায় নামিয়ে আনা হয়েছে।

ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার খরচের প্রায় তিন-চতুর্থাংশ সৌদি আরব অংশে এবং বাকি এক-চতুর্থাংশ বাংলাদেশ অংশে ব্যয় হয়। সৌদি অংশের মধ্যে আবাসন, যাতায়াত, মিনা ও আরাফাতের তাঁবু, কোরবানি, ভিসা ও স্বাস্থ্য বীমাসহ বিভিন্ন খরচ রয়েছে। বাংলাদেশের অংশের বড় একটি ব্যয় বিমান ভাড়া।

এদিকে মিনা ও আরাফাতে বাংলাদেশি হাজিদের জন্য আগের সর্বনিম্ন সেবা প্যাকেজ বহাল রাখা এবং জরুরি পরিস্থিতির জন্য অতিরিক্ত আবাসন বা ব্যাকআপ কোটা বাড়ানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছে বলেও জানান তিনি।

ধর্মমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ সফল হলে ভবিষ্যতে বাংলাদেশের হজযাত্রীদের সার্বিক ব্যয় আরও কমানো সম্ভব হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন