রহমতপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ৩২টি পরিবার চলাচলের একমাত্র সাঁকো ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঝুঁকি নিয়ে খাল পারাপার করতে হচ্ছে।
রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার বলেন, সাঁকোটি ভেঙে যাওয়ায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের চলাচলে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঝুঁকি নিয়ে খাল পার হওয়া কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর আগে বাসিন্দারা যাতে নিরাপদে চলাচল করতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, আশ্রয়ণ প্রকল্পের কয়েকজন বাসিন্দা এসে সাঁকোটির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তাদের জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী সেতু নির্মাণ করা হলে তাদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর হবে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিবেক
প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৩০ অপরাহ্ণ