নাটোরের বড়াইগ্রামে কয়েকজন যুবকের একসঙ্গে বসে রামদা, ছুরি ও হকিস্টিক হাতে নেওয়া এবং রামদা ধার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে পরিচিত সাব্বাব হক সাবু ও তাঁর কয়েকজন সহযোগীকে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গত সোমবার থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে একটি ঘরে খাটের ওপর বসে কয়েকজন যুবককে বড় আকারের রামদা ধার দিতে দেখা যায়। পাশের বেঞ্চেও কয়েকজনকে একই কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। ভিডিওতে রামদা ও হাঁসুয়ার পাশাপাশি ছুরি এবং হকিস্টিকও দেখা যায়।
স্থানীয়দের দাবি, ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলার কুমারখালি গ্রামের মাহফুজ আলম, চৌমুহন গ্রামের রাহিম হোসেন ও সোহান হোসেন এবং চাটমোহর উপজেলার সন্ধবা গ্রামের কিরণ হোসেন রয়েছেন। তাঁদের হাতে বড় রামদা দেখা যায়। চৌমুহন গ্রামের ফরহাদ হোসেনের ছেলে সাব্বাব হক সাবুর হাতে বড় একটি ছুরি দেখা গেছে বলে স্থানীয়রা জানান।
তবে ভিডিওটি কী উদ্দেশ্যে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিও ছড়িয়ে পড়ার পর সাব্বাব হক সাবু ও তাঁর সহযোগীরা আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্যও পাওয়া যায়নি। সাবুর বাবা ফরহাদ হোসেন দাবি করেছেন, ভিডিওটি ষড়যন্ত্রমূলকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। সাব্বাব হক সাবু বিএনপির মনোনয়নপ্রত্যাশী হলেও তাঁর জানামতে বিএনপি বা কোনো অঙ্গসংগঠনে তাঁর কোনো পদ নেই।
এদিকে নির্বাচনকে সামনে রেখে অস্ত্রসদৃশ দেশীয় অস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

নাটোর সংবাদদাতা
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:২৯ পূর্বাহ্ণ