জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজকের এই হারে প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে খেলার বাংলাদেশের স্বপ্নও শেষ হয়ে গেল।
আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে এই ম্যাচে জিতে সেমিফাইনালে উঠতে হতো বাংলাদেশকে। কিন্তু অভিজ্ঞতা ও শক্তির দিক থেকে এগিয়ে থাকা জাপানের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকতে পারেনি আরিফ আলীর দল।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে জাপান। দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জাপানের হিরাই ইয়োশিনো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় জাপান।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ দুটি ভালো আক্রমণ গড়ে গোলের সুযোগ তৈরি করেছিল। তবে জাপানের রক্ষণ ভেদ করে বল জালে জড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
শেষ কোয়ার্টারেও সমতা ফেরানোর বদলে উল্টো আরও একবার গোল হজম করে বাংলাদেশ। ৪৭ মিনিটে ফিল্ড গোল করে জাপানের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা।
এর আগে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে চার ম্যাচের চারটিতেই জয় নিয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা।
কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও টুর্নামেন্টে বাংলাদেশের আরও একটি ম্যাচ বাকি। আগামী শনিবার পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচে হেরে যাওয়া দল।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৩৭ অপরাহ্ণ