রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ জিসান (১৯), মোহাম্মদ রমজান (১৯), মোহাম্মদ শাহীন (৩৪), শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিম (১৮)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
র্যাব জানায়, গত ৩০ আগস্ট গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনির গ্রুপ ও অটো সজল গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে পথচারী আশা আক্তার (২০), সিয়াম (১৮) ও চা-দোকানি আলমগীর হোসেন রাসেল গুলিবিদ্ধ হন।
ঘটনার পর র্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।
এর ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে জিসান ও রমজানকে গ্রেপ্তার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর শাহীনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ বুধবার পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত ও মোহাম্মদ মাহিমকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, শাবাবকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া ৪২০টি ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ১৩ হাজার টাকা।
র্যাব আরও জানায়, শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১০-এর অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অস্ত্র, মাদক ও পুলিশের লুণ্ঠিত গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অনুসন্ধান চলছে।
এর আগে একই গোলাগুলির ঘটনায় ডিবি ওয়ারী বিভাগ চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো ছোরা ও ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:১০ অপরাহ্ণ