‘সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই আসে বড় সমর্থন’: বাঁধন

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০৭ অপরাহ্ণ

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর কঠিন সময়ে পাশে দাঁড়ানো মানুষ ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

বাঁধন লেখেন, ‘জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি করে, তখন সবসময় মনে রাখবেন অন্য প্রান্তে হয়তো আপনার জন্য সুন্দর কিছু অপেক্ষা করছে।’

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তাঁর সাম্প্রতিক যাত্রায় ছিল অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়ার মতো কঠিন অভিজ্ঞতা। এমনকি নিজের মানুষদের কাছ থেকেও পরিত্যক্ত হওয়ার অনুভূতি হয়েছে তাঁর।

তবে এত প্রতিকূলতার মধ্যেও একটি বিষয় তাঁকে নতুনভাবে ভাবিয়েছে। বাঁধনের ভাষায়, ‘কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই আসে সবচেয়ে বড় সমর্থন।’

পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা

কঠিন সময়ে সহযোগিতা ও সমর্থনের জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান বাঁধন।

তিনি বলেন, যখন তাঁর সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন এসব প্রতিষ্ঠান তাঁর পাশে দাঁড়িয়েছে।

নিজের কাছের কিছু মানুষ দূরে সরে গেলেও এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর শক্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিলেন বলেও জানান অভিনেত্রী।

এ ছাড়া যারা তাঁর খোঁজ নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, দোয়া করেছেন কিংবা একটি ভালো কথা বলেছেন—প্রত্যেকের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঁধন। পোস্টের শেষদিকে তিনি লেখেন, ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’

ভেনিসে হামলার অভিযোগ

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাই ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক কয়েকজন ব্যক্তির হামলা ও শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বাঁধনের পাশে দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। একই সঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ এ ঘটনার প্রতিবাদ জানান এবং অভিনেত্রীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

কঠিন সেই অভিজ্ঞতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বাঁধনের সাম্প্রতিক পোস্টে তাই উঠে এসেছে কৃতজ্ঞতা, মানসিক শক্তি ও পাশে পাওয়া মানুষের প্রতি ভালোবাসার কথা।

সূত্র: এনএটি

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন