সতেরো শতকের রোমান্টিক কবি ও পুঁথিসাহিত্যিক দোনাগাজীর নামে ২০১৯ সাল থেকে নিয়মিত সাহিত্য পদক দিয়ে আসছে চাঁদপুরের চর্যাপদ সাহিত্য একাডেমি। এবার ২০২৫ ও ২০২৬ সালের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দুই বছরের বিভিন্ন ক্যাটাগরিতে সাত গুণীজনের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় একাডেমির জুরি বোর্ডের জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এর আগে একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়।
২০২৫ সালের দোনাগাজী সাহিত্য পদক পেয়েছেন চারজন। তাঁরা হলেন—কবিতায় সোহরাব পাশা, কথাসাহিত্যে ইশরাত তানিয়া, শিশুসাহিত্যে স. ম. শামসুল আলম এবং সংগীতে রনক রায়হান।
অন্যদিকে ২০২৬ সালের পদক পেয়েছেন তিনজন। তাঁরা হলেন—কবিতায় শিবলী মোকতাদির, চারুকলায় অমল সেনগুপ্ত এবং লোক-গবেষণায় সৈয়দা আঁখি হক।
জুরি বোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদারসহ একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা বলেন, দ্রুত সময়ের মধ্যে সাত গুণীজনের হাতে পদক তুলে দেওয়া হবে। এ বিষয়ে উদযাপন পরিষদকে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে।
চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, দোনাগাজী ছিলেন সতেরো শতকের গুরুত্বপূর্ণ পুঁথিসাহিত্যিক ও রোমান্টিক কবি। তাঁর বিখ্যাত প্রেমকাব্য ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’ তাঁকে বাংলা সাহিত্যে স্মরণীয় করে রেখেছে। তাঁর নামেই প্রতিষ্ঠালগ্ন থেকে এই সাহিত্য পদক দিয়ে আসছে চর্যাপদ একাডেমি।
কালের আলো/এসএ

সাহিত্য ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:২৭ অপরাহ্ণ