রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান-১ নম্বরের ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়।
একপর্যায়ে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান বলে দাবি পুলিশের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, মিছিল বের করার চেষ্টা করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:২৮ অপরাহ্ণ