অভিনয়ে ফেরার ইচ্ছা থাকলেও নিয়মিত কাজ করার পরিকল্পনা নেই শবনম ফারিয়ার

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৩২ অপরাহ্ণ

২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন শবনম ফারিয়া। এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে অল্প সময়েই দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। একসময় ছোট পর্দার ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকাতেও ছিলেন ফারিয়া।

তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের মতো নিয়মিত দেখা যাচ্ছে না তাকে। এ নিয়ে ভক্ত-দর্শকদের মধ্যেও নানা প্রশ্ন রয়েছে। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনয়ে অনিয়মিত থাকার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী।

শবনম ফারিয়া জানান, অভিনয়ে ফেরার ইচ্ছা থাকলেও নিয়মিত কাজ করার পরিকল্পনা নেই তার। জীবনের বর্তমান পর্যায়ে টানা মাসজুড়ে অভিনয় করা তার পক্ষে সম্ভব নয়।

ফারিয়ার ভাষায়, “আমি এখন জীবনের যে পর্যায়ে আছি, সে জায়গা থেকে নিয়মিত ২২-২৩ দিন অভিনয় করা সম্ভব না। আমি অভিনয় করতে চাই। কিন্তু নিয়মিত যে কাজ, সেটা আমি আর করতে চাই না। বছরে ৫-৬টি কাজ করতে চাই।”

অভিনয়জীবনে শবনম ফারিয়া বেশ কিছু জনপ্রিয় খণ্ড নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘কালো বরফ’, ‘মাকে আমার পরে না মনে’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘তবু ভালোবাসি তোমায়’ ও ‘মাছ পাখি ও তুমি’।

ধারাবাহিক নাটকের মধ্যে তার উল্লেখযোগ্য কাজ ‘সোনার সেকল’, ‘দোস্ত দুশমন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বকুলপুর’ ও ‘শান্তিপুরীতে অশান্তি’।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয়ের ছাপ রেখেছেন শবনম ফারিয়া। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

নিয়মিত অভিনয়ের বাইরে থাকলেও অভিনয় পুরোপুরি ছাড়ছেন না ফারিয়া। বরং বছরে হাতে গোনা কয়েকটি বাছাই করা কাজের মাধ্যমে দর্শকদের সামনে ফিরতে চান এই অভিনেত্রী।

কালের আলো/এসএ

 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন