জাকার্তার ব্যস্ত কনভেনশন সেন্টারে গতকাল শুক্রবার উন্মোচন করা হয়েছে প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপের ট্রফি। ইন্দোনেশিয়া স্পোর্টস সামিটের মঞ্চে ৫০ সেন্টিমিটার উচ্চতার ট্রফিটি উন্মোচনের মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে যোগ হলো নতুন এক অধ্যায়।আসিয়ান অঞ্চলের দেশগুলোকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে এবার অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। ফিফার তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন গ্রুপ পর্ব।
একই গ্রুপে ইন্দোনেশিয়া-মালয়েশিয়া-সিঙ্গাপুর
টুর্নামেন্টের ডিভিশন ওয়ানে বাংলাদেশকে রাখা হয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার বিখ্যাত গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচ
বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবে হামজা চৌধুরীদের দল।এরপর ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজরা।
বাংলাদেশের ম্যাচ সূচি
| তারিখ | প্রতিপক্ষ | সময় |
|---|---|---|
| ২৫ সেপ্টেম্বর | মালয়েশিয়া | বিকেল ৩টা |
| ২৮ সেপ্টেম্বর | সিঙ্গাপুর | বিকেল ৩টা |
| ১ অক্টোবর | ইন্দোনেশিয়া | সন্ধ্যা ৬টা ৩০ মিনিট |
৫ অক্টোবর ফাইনাল
টুর্নামেন্ট চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। ডিভিশন ওয়ানে মোট আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। আর গ্রুপের রানার্সআপ দলগুলো খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।আসিয়ান অঞ্চলের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফুটবলে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জনেরও বড় সুযোগ।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৩৫ অপরাহ্ণ