মা হয়েছেন মার্কিন পপ তারকা লেডি গাগা। সন্তানের বাবা উদ্যোক্তা মাইকেল পোলানস্কি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
তবে গাগা পুত্র নাকি কন্যাসন্তানের মা হয়েছেন, তা এখনো জানা যায়নি। এমনকি সন্তান জন্মের তারিখও প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতককে নিয়ে একসঙ্গে দেখা গেছে লেডি গাগা ও মাইকেল পোলানস্কিকে। তিন সদস্যের পরিবার হিসেবে এটিই তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি বলে মনে করা হচ্ছে।
কিছুটা আড়ালে ছিলেন গাগা
গত কয়েক মাস ধরে জনসমক্ষে তুলনামূলক কম দেখা গেছে গাগাকে। ব্যক্তিগত সময় কাটাচ্ছিলেন ৪০ বছর বয়সী এই গ্র্যামিজয়ী গায়িকা। ৪২ বছর বয়সী মাইকেল পোলানস্কির সঙ্গেও সাম্প্রতিক সময়ে তাকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি।
তবে সন্তান জন্মের খবর নিয়ে এখনো গাগা কিংবা মাইকেলের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে অবশ্য মাতৃত্বের ইচ্ছার কথা জানিয়েছিলেন গাগা। ২০২৫ সালের মার্চে এক সাক্ষাৎকারে তিনি পরিবার শুরু করার আকাঙ্ক্ষার কথা জানান। সে সময় মাতৃত্বকে জীবনের অন্যতম বড় লক্ষ্য বলেও উল্লেখ করেছিলেন এই গায়িকা।
২০১৯ সালে সম্পর্কের গুঞ্জন
লেডি গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের গুঞ্জন শুরু হয় ২০১৯ সালে। এরপর ২০২৪ সালের মার্চে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে।
সম্পর্কের কয়েক বছর পর এবার তাদের পরিবারে নতুন সদস্য আসার খবর সামনে এসেছে। তবে সন্তান জন্মের বিষয়টি নিয়ে গাগা বা মাইকেলের আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত নয়।
কালের আলো/এসএ

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৪৪ অপরাহ্ণ