আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, কয়েক দিন ভোগাবে লোডশেডিং

কালের আলো ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:০৪ অপরাহ্ণ

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে এ সমস্যা দেখা দেয়। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানির সূত্র জানায়, একটি ইউনিট বন্ধ হওয়ার পর আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে গেছে। এর আগে কেন্দ্রটি ধীরে ধীরে উৎপাদন বাড়াচ্ছিল।

পিডিবি সূত্রে জানা গেছে, ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় গত ৭ আগস্ট থেকে কেন্দ্রটির উৎপাদন কমে যায়। গত মাসের শেষ দিকে উৎপাদন বাড়িয়ে দিনের বেলায় প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। বৃহস্পতিবার রাতে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। এর পরই একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।

কেন্দ্রটির দুই কর্মকর্তা জানান, বয়লারে সমস্যা দেখা দেওয়ায় ইউনিটটি বন্ধ রাখতে হয়েছে। বয়লার ঠান্ডা হতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে। এরপর মেরামতের কাজ শুরু করা সম্ভব হবে। ফলে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে।

এদিকে আদানির কেন্দ্রের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎকেন্দ্রগুলোও জ্বালানি সংকটে ভুগছে। দুই মাসের বেশি সময় ধরে গ্যাসের তীব্র সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট পর্যন্ত কমেছে। একই সঙ্গে কয়লা-স্বল্পতা ও কারিগরি ত্রুটির কারণে পটুয়াখালীর পায়রা ও বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনও ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিংও বেড়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় দেশে সর্বোচ্চ ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়। শুক্রবার সকালেও সারা দেশে আড়াই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং ছিল। ছুটির দিনেও বিদ্যুতের এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে গঠিত কেন্দ্রটির সঙ্গে পিডিবির চুক্তি হয় ২০১৭ সালে। চাহিদার ভিত্তিতে কেন্দ্রটি থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ড রয়েছে।

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন