কেইপিজেডে বন্য হাতির বিচরণ, উত্ত্যক্ত না করার অনুরোধ

চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সীমান্তবর্তী কেইপিজেডের দেয়াঙ পাহাড় এলাকায় দীর্ঘদিন ধরে বন্য হাতির একটি পাল বিচরণ করছে। হাতির নিরাপত্তা ও মানুষের সুরক্ষায় পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যটকদের হাতির কাছাকাছি না গিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কোনোভাবেই হাতিকে উত্ত্যক্ত না করার জন্যও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, হাতি ও মানুষের সুরক্ষায় সার্বক্ষণিক নজরদারি করতে ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। হাতির চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে থেকে বন্য হাতির পাল কেইপিজেডের পাহাড় এলাকায় আসা-যাওয়া শুরু করে। শুরুর দিকে কয়েক দিন অবস্থান করে চলে গেলেও ২০১৮ সাল থেকে হাতিগুলো দেয়াঙ পাহাড়ের কেইপিজেড এলাকায় স্থায়ীভাবে থাকতে শুরু করে।

বর্তমানে হাতির পালটি আনোয়ারার বটতলী ও হাজীগাঁও এবং কর্ণফুলীর কেইপিজেডের দেয়াঙ পাহাড়, হ্রদ ও বনঘেরা এলাকায় বিচরণ করে। এসব এলাকায় হাতির অবাধ চলাচলের কারণে বিভিন্ন সময়ে ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

এ অবস্থায় হাতির আবাসস্থল ও চলাচলের পথ নিরাপদ রাখা এবং মানুষের সঙ্গে হাতির সংঘাত কমাতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন