সবুজের মাঝে শুভ্র পদ্ম, মুগ্ধ কেশরিয়া বিলের দর্শনার্থীরা

কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৫৬ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেশরিয়া বিল এখন শ্বেতপদ্মের অপরূপ সৌন্দর্যে সেজেছে। বিস্তীর্ণ জলাশয়জুড়ে ফুটে থাকা হাজারো শ্বেতপদ্ম আর সবুজ পাতার সমন্বয়ে তৈরি হয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। প্রতিদিন সকাল ও বিকেলে এই সৌন্দর্য উপভোগ করতে বিলের পাড়ে ভিড় করছেন বিভিন্ন বয়সী প্রকৃতিপ্রেমী মানুষ।

নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট বাজারসংলগ্ন বিস্তীর্ণ এলাকাজুড়ে কেশরিয়া বিলের অবস্থান। স্থানীয়দের ভাষ্য, গত কয়েক বছর ধরে বিলটিতে প্রাকৃতিকভাবে জন্মাচ্ছে বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ শ্বেতপদ্ম। গ্রীষ্মকাল থেকে ফুল ফোটা শুরু হলেও শরৎকালে এর সমারোহ বেড়ে যায়।

সরেজমিনে দেখা যায়, বিলের পানিতে ভেসে আছে বড় বড় গোলাকার সবুজ পাতা। সেসব পাতার মাঝ থেকে ডাঁটা মেলে মাথা উঁচু করে ফুটে আছে অসংখ্য শ্বেতপদ্ম। দূর থেকে পুরো বিলটিকে মনে হচ্ছে সবুজের ওপর আঁকা শুভ্র এক প্রাকৃতিক ক্যানভাস।

ভোরের দৃশ্য এখানে আরও আকর্ষণীয়। কুয়াশা ও শিশিরে পদ্মের পাপড়ি ঝলমল করে ওঠে। হালকা বাতাসে শান্ত পানির ওপর একসঙ্গে দুলতে থাকে অসংখ্য ফুল। নৌকায় করে বিলের ভেতরে গেলে চারপাশের পদ্মফুলের সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করা যায়।

স্থানীয় বাসিন্দা শোভা ও সবিতা রায় বলেন, কেশরিয়া বিল প্রকৃতির অপার সৌন্দর্যের ভাণ্ডার। শরৎকালে শ্বেতপদ্মের সমারোহ বেড়ে যাওয়ায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসেন।

কলেজ শিক্ষক সঞ্জীব রায় বলেন, শ্বেতপদ্ম পবিত্রতা, শুভ্রতা ও আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতীক। সনাতন ধর্মে এ ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। দেবী সরস্বতী ও লক্ষ্মীর আসন হিসেবেও শ্বেতপদ্ম ব্যবহৃত হয়।

উন্নয়নকর্মী ফরিদুল জুলফিকার বলেন, পদ্মবিল ও পদ্মফুল দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। একই সঙ্গে জলজ বাস্তুসংস্থানের জন্যও এর গুরুত্ব রয়েছে। পদ্মমধু সংগ্রহ, পদ্মবীজের ব্যবহারসহ বিভিন্নভাবে স্থানীয় মানুষের জীবিকার সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, কেশরিয়া বিলের এই প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া প্রয়োজন। যথাযথভাবে পরিচর্যা ও সংরক্ষণ করা গেলে এটি নাগেশ্বরীর অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থলে পরিণত হতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মও শ্বেতপদ্মের এই অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ পাবে।

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন