হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ ও ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালানো হয়। এ সময় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগেজে তল্লাশি চালিয়ে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার একটি ফ্লাইটের যাত্রী শিপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।
অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এর মধ্যে কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮টি এবং শামীমা আক্তারের কাছ থেকে ৪৬টি ডিসপ্লে উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, একই দিনে তিনটি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে অবৈধ পণ্য বহনের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র রয়েছে কি না এবং যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কালের আলো/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৪১ অপরাহ্ণ