কঠিন সংকটে বিএনপির ওপরই মানুষ ভরসা রাখে: জাহিদ হোসেন

লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৪৬ অপরাহ্ণ

কঠিন সংকটে দেশের মানুষ বিএনপির ওপরই আস্থা রাখে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশ কোনো কঠিন সংকটে পড়লে উত্তরণের দায়িত্ব মানুষ বিএনপিকেই দেয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সংকটকালে দেশ ও দেশের মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়া বিএনপির প্রধান দায়িত্ব। এজন্য দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা জরুরি।

দলের শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা করলে তার চূড়ান্ত লাভ হবে গুপ্ত ও পলাতক বাহিনীর। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘দল না থাকলে পদের কোনো দাম নেই। আর ডিসিপ্লিন না থাকলে কোনো সংগঠন কখনোই সামনে এগিয়ে যেতে পারে না।’

নেতাকর্মীদের সতর্ক করে জাহিদ হোসেন বলেন, সামনে বিএনপিকে কঠিন সময় পার করতে হবে। এ সময় দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলার পাঁচ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন