পলি মালচে বর্ষায় মরিচ চাষ, বাড়ছে কৃষকের আয়

মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:১১ অপরাহ্ণ

বর্ষার আকাশে মেঘ, কখনো ঝুম বৃষ্টি আবার কখনো টানা গুঁড়িগুঁড়ি। চারদিকে পানি-কাদা। এমন প্রতিকূল পরিবেশেও সবুজ হয়ে দাঁড়িয়ে আছে মরিচগাছ। গাছের গোড়ায় ব্যবহার করা হয়েছে পলি মালচ। আর সেই ক্ষেত দেখে স্বস্তির হাসি কৃষক মো. নুরুল আমিনের।

যে বর্ষাকে একসময় মরিচ চাষের জন্য ভয় পেতেন, এখন সেই মৌসুমেই বাড়তি আয়ের সম্ভাবনা দেখছেন তিনি। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মীরেরগাঁও এলাকার প্রান্তিক কৃষক নুরুল আমিন নিজের জমিতে পলি মালচ প্রযুক্তি ব্যবহার করে বর্ষায় মরিচ চাষ করেছেন।

উপজেলা কৃষি কার্যালয়ের পরামর্শ এবং ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায় নেওয়া এ উদ্যোগে ভালো ফলন পাওয়ার পাশাপাশি বাজারে তুলনামূলক ভালো দামও পাচ্ছেন তিনি।

নুরুল আমিন বলেন, ‘আগে বর্ষাকালে মরিচ চাষের কথা ভাবলেই ভয় লাগত। অতিরিক্ত বৃষ্টিতে গাছ নষ্ট হয়ে যেত, রোগবালাইও বাড়ত। কৃষি অফিসের পরামর্শে পলি মালচ ব্যবহার করে এবার বুঝতে পারছি, সঠিক প্রযুক্তি থাকলে বর্ষায়ও মরিচ চাষ করা যায়।’

কৃষি সংশ্লিষ্টরা জানান, পলি মালচ ব্যবহারের ফলে মরিচগাছের গোড়ার মাটি অতিরিক্ত বৃষ্টির সরাসরি আঘাত থেকে কিছুটা সুরক্ষিত থাকে। একই সঙ্গে মাটির আর্দ্রতা ধরে রাখা ও আগাছা কমাতেও এটি সহায়তা করে।

তবে বর্ষায় মরিচ চাষে শুধু পলি মালচ ব্যবহারই যথেষ্ট নয়। পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা, উন্নত জাতের চারা নির্বাচন, সুষম সার প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণেও গুরুত্ব দিতে হচ্ছে কৃষককে।

নুরুল আমিন বলেন, ‘এখন দেখছি, ঠিকভাবে চাষ করতে পারলে বর্ষায়ও ভালো ফলন পাওয়া যায়। আবার দামও ভালো পাওয়া যায়।’

গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক বলেন, ‘সঠিক প্রযুক্তি অনুসরণ করা গেলে প্রতিকূল মৌসুমেও কৃষকের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে।’

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন