শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৩৯ অপরাহ্ণ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় একটি মোটরসাইকেল নিয়ে আনারুল তাকে অনুসরণ করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে তার মোবাইল নম্বর চান এবং বন্ধুত্বের প্রস্তাব দেন। এ সময় তাকে বিভিন্ন অশালীন কথাও বলা হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

ঘটনাটি ফোনে বন্ধুদের জানান ভুক্তভোগী। পরে কয়েকজন সহপাঠী মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে আটক করে রেখেছেন। এরপর তাকে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শোয়াইবুর রহমান বলেন, টিচার্স কোয়ার্টারের সামনে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে শিক্ষার্থীরা সেখানে জড়ো হলে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে এবং তার নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।

এদিকে শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের কয়েকটি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা এবং রাত ১১টার পর অটোরিকশা চলাচল না করায় রাতে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে। তারা ক্যাম্পাসে আলো ও রাতের পরিবহনব্যবস্থা আরও উন্নত করার দাবি জানিয়েছেন।

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন