ভ্রমণে গিয়ে তাড়াহুড়ো করে পাহাড়ের চূড়ায় উঠে সূর্যোদয় দেখা, বিখ্যাত স্থাপনার সামনে ছবি তুলতে দীর্ঘ লাইনে দাঁড়ানো কিংবা এক দিনে একের পর এক দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো—ছুটি কাটানোর এই চেনা ধারণা থেকে ধীরে ধীরে সরে আসছেন তরুণ প্রজন্ম।
জনপ্রিয় পর্যটনকেন্দ্রের তালিকা ধরে ছুটে বেড়ানোর বদলে এখন অনেকেই একটি জায়গাকে একটু ধীরে, কাছ থেকে চেনার চেষ্টা করছেন। ভ্রমণের এই নতুন প্রবণতাকেই বলা হচ্ছে ‘টাইনি ট্যুরিজম’।
কী এই ‘টাইনি ট্যুরিজম’?
টাইনি ট্যুরিজম বলতে বড় ও জনপ্রিয় পর্যটন আকর্ষণের বাইরে গিয়ে কোনো গন্তব্যের ছোট ছোট স্থানীয় ও দৈনন্দিন অভিজ্ঞতা উপভোগ করাকে বোঝায়।
অর্থাৎ শুধু বিখ্যাত স্থাপনার সামনে ছবি তুলে ফিরে আসা নয়, বরং যে শহর বা এলাকায় যাওয়া হয়েছে, সেখানকার জীবনযাত্রাকে কাছ থেকে অনুভব করাই এর মূল লক্ষ্য।
একটি শহরের ইতিহাস শুধু জাদুঘর বা ঐতিহাসিক স্থাপনায় সীমাবদ্ধ থাকে না। স্থানীয় বাজার, খাবারের দোকান, পুরোনো রাস্তা, গণপরিবহন, ছোট ব্যবসা কিংবা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও লুকিয়ে থাকতে পারে সেই এলাকার গল্প।
‘কম দেখুন, বেশি অনুভব করুন’
টাইনি ট্যুরিজমের মূল ভাবনা হলো—কম জায়গা দেখা, কিন্তু প্রতিটি জায়গাকে বেশি করে অনুভব করা। এ ধারণাটি অনেকটাই ‘স্লো ট্রাভেল’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নির্দিষ্ট সময়ের মধ্যে যত বেশি সম্ভব দর্শনীয় স্থান ঘুরে দেখার চাপ না নিয়ে একটি জায়গায় কিছুটা বেশি সময় কাটানোই এখানে গুরুত্বপূর্ণ। এতে ভ্রমণের ক্লান্তির বদলে স্থানীয় পরিবেশ ও সংস্কৃতিকে উপভোগ করার সুযোগ বাড়ে।
যেভাবে করবেন টাইনি ট্রাভেল
সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল ভিডিও বা রিল দেখে পুরো ভ্রমণসূচি তৈরি না করে গন্তব্যে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলা যেতে পারে। জানতে পারেন কোথায় ভালো স্থানীয় খাবার পাওয়া যায়, কোন রাস্তা দিয়ে হাঁটলে স্থানীয় জীবন কাছ থেকে দেখা যাবে কিংবা কোন জায়গার সঙ্গে জড়িয়ে আছে পুরোনো কোনো গল্প।
গণপরিবহন ব্যবহারও হতে পারে ভ্রমণের আকর্ষণীয় অংশ। বাস, ট্রেন, টুকটুক কিংবা স্থানীয় অন্য পরিবহনে চড়ে অনেক সময় এমন জায়গার সন্ধান পাওয়া যায়, যা প্রচলিত পর্যটন গাইডে উল্লেখ থাকে না।
ছোট ছোট অভিজ্ঞতাই বড় স্মৃতি
ভ্রমণে স্থানীয় সুপারমার্কেট বা কনভেনিয়েন্স স্টোর ঘুরে দেখাও এখন অনেকের কাছে আলাদা আকর্ষণ হয়ে উঠেছে। স্থানীয় স্ন্যাক্স, পানীয় কিংবা অচেনা কোনো পণ্যের প্যাকেটও হয়ে উঠতে পারে ভ্রমণের স্মরণীয় অংশ।
বিদেশে গিয়ে স্থানীয় ফার্মেসি বা ড্রাগস্টোর ঘুরে দেখা, সেখানকার ব্যবহৃত সানস্ক্রিন, বাম বা ছোটখাটো প্রয়োজনীয় পণ্য কেনার প্রবণতাও বাড়ছে।
একইভাবে পর্যটনকেন্দ্রের প্রচলিত স্মারকের বদলে স্থানীয় থ্রিফট শপ বা পুরোনো জিনিসের দোকান থেকে বই, গয়না কিংবা অন্য কোনো ব্যতিক্রমী জিনিস সংগ্রহ করাও হতে পারে ভ্রমণের অংশ।
কেউ সকালে স্থানীয়দের মতো হাঁটছেন, কেউ পাবলিক বাসে চড়ে অচেনা এলাকায় নেমে পড়ছেন, আবার কেউ পাড়ার চায়ের দোকানে বসে স্থানীয় মানুষের সঙ্গে গল্প করছেন। অর্থাৎ ভ্রমণের সাফল্য এখন শুধু ‘কোথায় গেলাম’ দিয়ে মাপা হচ্ছে না; ‘কী অনুভব করলাম’ সেটিও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ।
হয়তো সব দর্শনীয় স্থান দেখা হলো না। কিন্তু কোনো অচেনা শহরের ছোট একটি চায়ের দোকানে কাটানো এক ঘণ্টাই হয়ে উঠতে পারে পুরো ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি।
সূত্র: এনডিটিভি
কালের আলো/এসএ

ভ্রমণ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৫১ অপরাহ্ণ