চিকিৎসক না পাওয়ার অভিযোগে শিশুমৃত্যু, উত্তপ্ত পদ্মা জেনারেল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৫৬ অপরাহ্ণ

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পিআইসিইউতে দায়িত্বে থাকা কোনো চিকিৎসককে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কার্ডিয়াক অ্যারেস্টে শিশুটির মৃত্যু হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগ সঠিক নয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ফেসবুক লাইভে শিশুটির স্বজনরা এসব অভিযোগ করেন। ভিডিওতে পিআইসিইউতে কোনো চিকিৎসককে দেখা যায়নি বলেও দাবি করেন তারা।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর নয় মাস বয়সী শিশু আয়ান আব্দুল্লাহকে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের জন্য বারবার ডাকাডাকি করেও কাউকে পাওয়া যায়নি।

শিশুটির মা অভিযোগ করে বলেন, বাচ্চার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও সময়মতো চিকিৎসকের দেখা মেলেনি। দায়িত্বে অবহেলার কারণেই এমন পরিস্থিতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্বজনরা আরও অভিযোগ করেন, ওয়ার্ডের আশপাশে এবং চিকিৎসকদের কক্ষেও গিয়ে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। এমনকি এনইসিসির কোনো চিকিৎসকও সেখানে ছিলেন না বলে দাবি তাদের।

এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে মুখ না খুলতে স্বজনদের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, কয়েকজন ব্যক্তি শিশুটির বাবাকে ভয়ভীতি দেখান এবং বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করেন।

তবে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুল হক বলেন, শিশুটি হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয় এবং পরে তার শ্বাস বন্ধ হয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি সময়মতো বুঝতে না পারার বিষয়টি তিনি স্বীকার করলেও চিকিৎসকের অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ভিন্নমত পোষণ করেছে।

পদ্মা জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম অনিক দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে শিশুটির স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন