বাংলাদেশকে চীনের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শামা ওবায়েদ চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফল সফরের কথা স্মরণ করে দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএমইসি), চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন, রংপুরে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে চীন সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শামা ওবায়েদ এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে উদ্যোগটির প্রশংসা করেন।
দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখা এবং বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:১৮ অপরাহ্ণ