আগুনের ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ২:২৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিভাগীয় কমিশনার বলেন, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবরটি অসত্য। হাসপাতালের জরুরি বিভাগে থাকা দুজনের মৃত্যু স্বাভাবিক রোগী হিসেবে হয়েছে। আরও দুজনের মৃত্যুর যে তথ্য পাওয়া যাচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে রাত ১টার দিকে হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য সচিব ও এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদও সাংবাদিকদের জানান, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর গণমাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য। মৃতদের তালিকায় জাহানারা নামে যে নারীর নাম এসেছে, তিনি হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে আগুনের ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়।

সোমবার বিকাল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফটে আগুন লাগে। এতে লিফটের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং আগুন আটতলা পর্যন্ত পৌঁছে যায়। আগুনের আতঙ্কে রোগী ও স্বজনরা দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করলে অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি ইউনিট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা শিশু ও নারীসহ রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন