বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নিয়ে অনিশ্চয়তা থাকলেও দেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার পাশাপাশি তরুণ প্রতিভাদের উঠে আসার ক্ষেত্রেও বিপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিপিএলের অফিসিয়াল পেজে প্রকাশিত এক ভিডিওতে টুর্নামেন্ট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান শান্ত। দীর্ঘদিন ধরে বিপিএলে খেলার কারণে প্রতিবারই আসর শুরুর আগে তাঁর মধ্যে আলাদা রোমাঞ্চ কাজ করে বলে জানান তিনি।
শান্ত বলেন, ‘আল্লাহর রহমতে বিপিএলে অনেক বছর ধরেই খেলছি। প্রতিবছর যখনই শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই একটি আলাদা রোমাঞ্চ কাজ করে।’
জাতীয় দলের এই ব্যাটারের মতে, বিপিএল ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স ব্যক্তিগত ক্যারিয়ারেও ইতিবাচক প্রভাব ফেলে।
তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। সেখানে ভালো পারফর্ম করতে পারলে নিজের জন্য এবং ক্যারিয়ারের জন্য সবসময়ই ইতিবাচক কিছু হয়।’
তবে বিপিএলকে শুধু ব্যক্তিগত সাফল্যের মঞ্চ হিসেবে দেখছেন না শান্ত। দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্যও এই টুর্নামেন্টের গুরুত্ব রয়েছে বলে মনে করেন তিনি। বিশেষ করে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার সুযোগ করে দেয় বিপিএল।
শান্ত বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায় বেশ কয়েকজন উদীয়মান তরুণ খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।’
বিপিএলের মতো বড় প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে পারে বলেও মনে করেন শান্ত। একই সঙ্গে নিয়মিত ভালো পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলের জন্য নতুন ক্রিকেটার উঠে আসার পথ তৈরি হয়।
কালের আলো/এসএ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:১৪ অপরাহ্ণ