ফেসবুক-ইনস্টাগ্রামের ভুয়া বিজ্ঞাপনে ছড়াচ্ছে ম্যালওয়্যার, ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৪৭ অপরাহ্ণ

ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে সাইবার অপরাধীরা। এসব বিজ্ঞাপনে ক্লিক করার পর ব্যবহারকারীদের অপরিচিত ওয়েবসাইটে নিয়ে গিয়ে গুগল প্লে স্টোরের বাইরে থেকে ‘এপিকে’ ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। ক্ষতিকর অ্যাপ ইনস্টল হওয়ার পর ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করার পাশাপাশি ফোনের নিয়ন্ত্রণও নিতে পারে অপরাধীরা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের উপযোগী বিভিন্ন অ্যাপের ছদ্মবেশে এসব ক্ষতিকর অ্যাপ ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনে ক্লিক করলে একটি ওয়েবসাইট চালু হয়। সেখানে গুগল প্লে স্টোরের পরিবর্তে সরাসরি এপিকে ফাইল ডাউনলোডের নির্দেশ দেওয়া হয়। অ্যাপটি ইনস্টলের পর অনেক ক্ষেত্রে সেটিকে আপডেট বা নতুন সংস্করণ হিসেবে দেখিয়ে আরও একটি ক্ষতিকর প্যাকেজ ইনস্টল করানো হয়।

সংবেদনশীল অনুমতি চেয়ে নেয় অ্যাপ

ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো ফোনে প্রবেশের পর অ্যাকসেসিবিলিটি পারমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুমতি চাইতে পারে। এসব অনুমতি অ্যাপের স্বাভাবিক কাজের জন্য প্রয়োজন—এমনভাবে ব্যবহারকারীকে বিভ্রান্ত করা হয়।

কিন্তু অনুমতি পাওয়ার পর অ্যাপগুলো ফোনের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ, আর্থিক লেনদেনে হস্তক্ষেপ কিংবা অন্যান্য সংবেদনশীল তথ্য চুরির সুযোগ তৈরি হয়।

কিছু ক্ষেত্রে ক্ষতিকর অ্যাপ ফোনে ভিপিএন ইনস্টল করে ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ আক্রমণকারীদের নিয়ন্ত্রিত সার্ভারের মাধ্যমে পরিচালনা করতে পারে। এতে অনলাইন কার্যক্রম ও তথ্যের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়ে। এমনকি কোনো কোনো ম্যালওয়্যার নিজেকে ফোন থেকে আনইনস্টল করার প্রক্রিয়াও বাধাগ্রস্ত করতে পারে।

সামাজিক প্রকৌশলেই বড় ঝুঁকি

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও ডিজিআর্মরএক্সের প্রতিষ্ঠাতা নিধি শ্রীবাস্তবের মতে, এ ধরনের প্রতারণায় সামাজিক প্রকৌশল কৌশলের সঙ্গে ডিভাইসের গুরুত্বপূর্ণ অনুমতিকে একত্র করা হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন থেকে ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়া এবং সেখান থেকে এপিকে ফাইল ডাউনলোড করানো পর্যন্ত বিষয়টি সাধারণ প্রতারণা মনে হতে পারে। কিন্তু অ্যাপটি যখন অ্যাকসেসিবিলিটি, ভিপিএন কিংবা অন্য অ্যাপ ইনস্টলের মতো সংবেদনশীল অনুমতি চায়, তখনই বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।

কীভাবে নিরাপদ থাকবেন

অপরিচিত বিজ্ঞাপনে ক্লিক করে কোনো ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড না করাই নিরাপদ। বিশেষ করে কোনো অ্যাপ যদি অপ্রয়োজনীয়ভাবে অ্যাকসেসিবিলিটি, ভিপিএন বা অন্য অ্যাপ ইনস্টলের অনুমতি চায়, তাহলে সেটি ইনস্টল করা থেকে বিরত থাকা উচিত।

অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সম্ভব হলে গুগল প্লে স্টোরের মতো বিশ্বস্ত উৎস ব্যবহার করতে হবে। একই সঙ্গে সন্দেহজনক লিংক, বিজ্ঞাপন ও অ্যাপের অতিরিক্ত অনুমতির বিষয়েও সতর্ক থাকতে হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন