বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলটি পরিদর্শনে যান তিনি। সেখানে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভাপতি সালেহা খান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় স্কুলের শিক্ষার্থীরাও তাকে বরণ করে নেয়।
পরিদর্শনকালে জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।
স্কুলটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার জন্য ২৮ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও থেরাপিস্ট কাজ করছেন। পরিদর্শনের সময় স্কুলের অধ্যক্ষ জুবাইদা রহমানকে প্রতিষ্ঠানের শিক্ষা ও কারিগরি কার্যক্রম, থেরাপি সুবিধা এবং মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এখানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদারের মাধ্যমে নিবিড়ভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এখান থেকে মূলধারার শিক্ষাকার্যক্রমে যুক্ত হয়েছে।
এ ছাড়া কারিগরি শিক্ষা কার্যক্রমের আওতায় অনেক শিশুকে সহকারী থেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়ে স্বাবলম্বী করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।
স্কুল পরিদর্শনের পর জুবাইদা রহমান বাফওয়ার বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন। সেখানে তিনি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। প্রশিক্ষণার্থীদের তৈরি হস্তশিল্প সামগ্রীও ঘুরে দেখেন তিনি।
পরে ‘ব্লু স্কাই’ স্কুল ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জুবাইদা রহমান।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বাফওয়ার দেওয়া সুযোগ-সুবিধা এবং নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী, বাফওয়া এ কে খন্দকার ও বাশার-এর সভানেত্রী ও সহ-সভানেত্রীসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৫০ অপরাহ্ণ