ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ তার স্বামী ও ব্যাংকার সনি পোদ্দার। বিশেষ এই মানুষটির জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসামাখা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন মিম। ভ্রমণ, অবসর কিংবা কাছের মানুষদের সঙ্গে কাটানো সময়ের ছবিও নিয়মিত প্রকাশ করেন তিনি। এবার স্বামীর জন্মদিন উপলক্ষে একাধিক ছবি পোস্ট করে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
মিম তার পোস্টে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় মানুষ। সনি পোদ্দার, আজও তুমি আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় ভ্রমণসঙ্গী, আর প্রিয় সবকিছু। তোমার সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে ভালো লাগে। তোমাকে পাশে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে চাই।’
দীর্ঘ আট বছরের প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিম। বিয়ের পরও স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের বিভিন্ন সুন্দর মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
এদিকে ব্যক্তিজীবনের পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিম। সম্প্রতি শেষ করেছেন নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং। সিনেমাটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। তবে প্রযোজনা বা পরিচালনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মিম নিজেই শুটিং শেষ হওয়ার খবর নিশ্চিত করেছেন।
কালের আলো/এসএ

বিনোদন প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৪৪ অপরাহ্ণ