ক্রিপ্টোকারেন্সি ও ফরেইন কারেন্সি ট্রেডিংকে একসঙ্গে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ফরেইন কারেন্সি ট্রেডিং নিয়ে নীতিমালার বিষয়ে আলোচনা থাকলেও ক্রিপ্টোকারেন্সিকে রাষ্ট্রীয় নীতির অংশ করার সুযোগ নেই।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ক্রিপ্টো ও ফরেইন কারেন্সি আলাদা বিষয়
জাহেদ উর রহমান বলেন, ক্রিপ্টোকারেন্সি এবং ফরেইন কারেন্সি ট্রেডিং দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তাই এগুলোকে একত্র করে দেখার সুযোগ নেই।
তিনি জানান, ফরেইন কারেন্সি ট্রেডিং নিয়ে খুব দ্রুত কোনো নীতিমালা করার পরিকল্পনা সরকারের নেই। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বাস্তবতা বিবেচনায় ফরেইন কারেন্সি ট্রেডিংকে কোনো না কোনোভাবে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হচ্ছে।
ক্রিপ্টো নিয়ে সতর্ক অবস্থান
ক্রিপ্টোকারেন্সি প্রসঙ্গে তিনি বলেন, সারা পৃথিবীতে এ নিয়ে যে মৌলিক সমস্যাটি রয়েছে, তা হলো এটি রাষ্ট্রের প্রচলিত আর্থিক ব্যবস্থাকে পাশ কাটানোর উদ্দেশ্যে তৈরি হয়েছে। ফলে ক্রিপ্টোকারেন্সিকে রাষ্ট্রীয় নীতির অংশ করার বিষয়টি আলাদাভাবে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, ক্রিপ্টো ট্রেডিং নিয়ে নীতিমালা করা এবং সেটিকে রাষ্ট্রীয় নীতির অংশ করা এক বিষয় নয়। ফরেইন কারেন্সি ট্রেডিংয়ের ক্ষেত্রে নীতিমালা করার সুযোগ থাকতে পারে, তবে ক্রিপ্টোকারেন্সিকে একইভাবে দেখার সুযোগ নেই।
দ্রুত সিদ্ধান্ত নয়
প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের মাধ্যমে বিপুল অর্থ লেনদেন ও সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টি তুলে ধরেন। জবাবে জাহেদ উর রহমান বলেন, বিষয়টির বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা ও কাঠামো নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত আসছে না।
এ সময় প্রধানমন্ত্রীর ব্যবহৃত একটি ফোন ক্রিপ্টো ট্রেডিংয়ে ব্যবহৃত হয়—এমন একটি দাবির বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, এটি অযাচাইকৃত তথ্য। কোনো ফোনে ক্যামেরা বা অন্য কোনো প্রযুক্তি থাকলেই সেটি নির্দিষ্ট কোনো কাজে ব্যবহৃত হচ্ছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
তিনি এ ধরনের অযাচাইকৃত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার বিষয়ে সতর্ক করেন।
কালের আলো/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:০৯ অপরাহ্ণ