ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, একদিনে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:১৮ অপরাহ্ণ

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ৭৩৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহে ১১০ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৮৬ জন এবং সিলেট বিভাগে সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৩ হাজার ৫৭০ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৫৭ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ৩৭৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২৮২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ২০২৫ সালে দেশে এক লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল আরও ভয়াবহ। ওই বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন