গুলশানের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:০৪ অপরাহ্ণ

রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাম্প্রতিক অপতৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওই ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে নির্দিষ্ট সময়ে পুলিশ বিষয়টি সঠিকভাবে অনুধাবন বা আন্দাজ করতে সক্ষম হয়নি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা শহরের মেগা প্রকল্পজনিত যানজট রোধে আয়োজিত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল ও গুলশানের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠনের লোকজন মাঝেমধ্যে ফজরের নামাজের পর অল্পসংখ্যক মানুষ নিয়ে জড়ো হয়ে ঝটিকা মিছিল করে এবং ভিডিও ধারণ করে।

তিনি বলেন, গুলশানে জুমার নামাজের নাম করে তারা যে অপতৎপরতা চালিয়েছে, সে বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবারের ওই নির্দিষ্ট সময়ে পুলিশ বিষয়টি সঠিকভাবে অনুধাবন বা বুঝতে পারেনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এটিকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন বা অপরাধী চক্র যাতে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি কোনো ঘটনা ঘটার পর অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মূল সড়ক থেকে ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশা ও অননুমোদিত যানবাহন সরিয়ে এনে নিয়মের মধ্যে আনার বিষয়ে সরকার কাজ করছে বলে সভায় জানানো হয়।

মেগা প্রকল্পগুলোর কারণে রাজধানীতে সৃষ্ট অতিরিক্ত যান চলাচলের চাপ, অবৈধ চার্জিং পয়েন্ট ও অননুমোদিত যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও সভায় গুরুত্ব দেওয়া হয়।

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন