সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে। দেশীয় উৎসের উৎপাদনের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাড়ানোর ফলে সাম্প্রতিক সময়ের তুলনায় গ্যাস পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। এতে বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সারসহ গুরুত্বপূর্ণ খাতে কিছুটা স্বস্তি ফিরছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় গ্রিডে মোট ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইন্স) প্রকৌশলী মো. শোয়েব।
পেট্রোবাংলার তথ্যমতে, মঙ্গলবারের মোট সরবরাহের মধ্যে দেশীয় উৎস থেকে এসেছে ১৬১ দশমিক ৫ কোটি ঘনফুট এবং এলএনজি থেকে সরবরাহ হয়েছে ৯৯ দশমিক ১ কোটি ঘনফুট।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি সরবরাহ করা হচ্ছে। দেশীয় উৎপাদন ও আমদানিকৃত এলএনজির মধ্যে সমন্বয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ানো হয়েছে।
পেট্রোবাংলা সূত্র জানায়, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ কোটি ঘনফুট। এর বিপরীতে সোমবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়েছিল ২৩৪ দশমিক ৫৩ কোটি ঘনফুট এবং রোববার সরবরাহ ছিল ২৩৩ দশমিক ১৯ কোটি ঘনফুট।
হিসাব অনুযায়ী, মঙ্গলবারের ২৬০ দশমিক ৬ কোটি ঘনফুট সরবরাহ সোমবারের তুলনায় ২৬ দশমিক ০৭ কোটি ঘনফুট বেশি। আর রোববারের তুলনায় বেড়েছে ২৭ দশমিক ৪১ কোটি ঘনফুট।
সংশ্লিষ্টদের মতে, মাত্র দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের এই বৃদ্ধি বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ এখনও কম থাকায় ঘাটতি পুরোপুরি কাটেনি।
কালের আলো/এএইচ/এমএসআইপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪৪ অপরাহ্ণ