বাগেরহাটে স্কিল আইটি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি দল

বাগেরহাট সংবাদদাতা
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৪৩ অপরাহ্ণ

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি স্কিল আইটি পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে অবস্থিত স্কিল আইটি পরিদর্শন করেন তারা। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামো ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ ঘুরে দেখেন।

প্রতিনিধি দলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্নরস অ্যাডভাইজার মিস লুইস বেইনন, এশিয়া ফাউন্ডেশনের টিম লিডার সারা এল টেইলর, ব্রিটিশ হাইকমিশনের গভর্নরস অ্যাডভাইজার মিস শাহনাজ করিম, পলিটিক্যাল কাউন্সিলর মিস রোজি কুম্ব এবং রূপান্তরের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলামসহ অন্যরা।

পরিদর্শন শেষে স্থানীয় বিভিন্ন সিভিল সোসাইটি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা।

সভায় বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনবল তৈরি, বেকারত্ব হ্রাস এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পেশাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি কেয়ারগিভিং ও জাপানিজ ভাষা প্রশিক্ষণ আরও কার্যকর ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন, স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে স্কিল আইটি এর মতো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন