রামেক হাসপাতালে এক সপ্তাহে চার ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী সংবাদদাতা
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৩৬ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে হাসপাতালটিতে নতুন করে ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আসমা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানের বাসিন্দা।

রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬৯ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ১০ ও ১১ সেপ্টেম্বর এ সংখ্যা ছিল ৬৪ জন করে। ১২ সেপ্টেম্বর রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৪ জনে। এরপর ১৩ সেপ্টেম্বর ৮০ জন, ১৪ সেপ্টেম্বর ৮২ জন এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ৯৫ জনে পৌঁছেছে।

হাসপাতালের দৈনিক হিসাব বলছে, ৯ সেপ্টেম্বর ২০ জন, ১০ সেপ্টেম্বর ২০ জন, ১১ সেপ্টেম্বর ১৪ জন, ১২ সেপ্টেম্বর ১২ জন, ১৩ সেপ্টেম্বর ২১ জন, ১৪ সেপ্টেম্বর ২১ জন এবং ১৫ সেপ্টেম্বর ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সাত দিনে ভর্তি হয়েছেন ১২৫ জন।

এদিকে, এক সপ্তাহে ডেঙ্গুতে মারা গেছেন চারজন। ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পাবনার বেড়া এলাকার বাসিন্দা ইমরুল কায়েস হৃদয় (২৬), ৯ সেপ্টেম্বর নাটোরের বনপাড়ার বাসিন্দা জিত সরকার (২২), ১৪ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বাসিন্দা হৃদয় (২৪) এবং ১৫ সেপ্টেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জের বালুবাগানের বাসিন্দা আসমা খাতুন (৩৫) মারা যান।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং তিনজন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন