ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে জগন্নাথ হলের পাশে দুটি এবং টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
বিক্ষোভের ডাক ছাত্রদলের
ককটেল বিস্ফোরণের ঘটনার পর রাতেই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে।
তবে কারা বা কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:২৬ পূর্বাহ্ণ