রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৯, অস্ত্র-মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:৪১ পূর্বাহ্ণ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৮৬, মিরপুরে ১৩১, গুলশানে ৩৮, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচটি রামদা, দুটি তরবারি, একটি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৪৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এ ছাড়া চারটি মোবাইল ফোন, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালের আলো/এমএসআইপি 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন