সাতক্ষীরার বালিয়া গ্রামের বেড়িবাঁধের একাধিক স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরই মধ্যে বাঁধে নতুন করে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁধটি ভেঙে গেলে কপোতাক্ষ নদের লোনাপানিতে পুরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা।
স্থানীয় বাসিন্দা ইসলাম লাল্টু জানান, বালিয়া গ্রামের বাঁধের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। সম্প্রতি কয়েকটি স্থানে নতুন করে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গ্রামবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ বাঁধটি জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে। একই সঙ্গে কপোতাক্ষ নদের বালিয়া অংশ সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) ম্যাপ অনুযায়ী পুনরায় খনন করে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, বালিয়া এলাকার বাঁধের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে তিনি অবগত। এরই মধ্যে তিনি এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছেন।
তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যের অনুরোধে সেখানে গিয়ে প্রাথমিকভাবে কাজের অনুমতি পাওয়া গেলেও পরে সেটি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে বর্তমানে সারা দেশে জরুরি কাজ বন্ধ থাকায় আপাতত বালিয়া বাঁধে কাজ করা সম্ভব হচ্ছে না। মন্ত্রণালয় থেকে পুনরায় বরাদ্দ পাওয়া গেলে বাঁধের কাজ করা সম্ভব হবে।
কালের আলো/এমএসআইপি

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:২১ অপরাহ্ণ