এআইয়ের গণিত আবিষ্কারে সাফল্য, মানবজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ২:১২ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কম সময়ে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারায় গণিত গবেষণায় বড় পরিবর্তন আসছে। তবে এআই মডেল দিয়ে নতুন নতুন ফলাফল পাওয়া গেলেও সেগুলোর পেছনের তত্ত্ব ও যুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি প্রকাশ করছে না বলে অভিযোগ করেছেন গণিতবিদেরা। এতে ভবিষ্যতে গণিতচর্চা ও মানবজ্ঞানের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।

ফিল্ডস পদকজয়ী গণিতবিদ টেরেন্স টাও এ ধরনের প্রবণতার সমালোচনা করেছেন। তাঁর মতে, মেশিনের তৈরি জটিল প্রমাণের অন্তর্নিহিত অর্থ ও তত্ত্ব মানুষ বুঝতে না পারলে গণিতের দীর্ঘমেয়াদি অগ্রগতি ব্যাহত হতে পারে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শুধু দ্রুত ফলাফল প্রকাশের বদলে এসব আবিষ্কারের পেছনের যুক্তি ও পদ্ধতিও প্রকাশ করবে—এমন প্রত্যাশা গণিতবিদদের।

সম্প্রতি এআইনির্ভর প্রায় ১০ হাজার এজেন্ট ব্যবহার করে নেভিয়ার–স্টোকস সমীকরণের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবি করেছে ওপেনএআই। গণিতের অন্যতম কঠিন ও দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা হিসেবে এটি পরিচিত। সমস্যাটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর অন্তর্ভুক্ত হওয়ায় সমাধানটি যাচাই হয়ে স্বীকৃতি পেলে বড় অঙ্কের পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে।

গবেষকদের মতে, এআই দ্রুত ও জটিল হিসাব করতে পারলেও কোনো ফলাফলের গভীর অর্থ, সৌন্দর্য ও তাত্ত্বিক গুরুত্ব বোঝার ক্ষেত্রে মানুষের সৃজনশীলতা এখনো গুরুত্বপূর্ণ। তাই গণিত গবেষণায় এআইয়ের ব্যবহার বাড়ার পাশাপাশি মেশিনের তৈরি ফলাফল কীভাবে যাচাই, ব্যাখ্যা ও সবার জন্য উন্মুক্ত করা হবে, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: নিউ সায়েন্টিস্ট

কালের আলো/এসএ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন