ইয়েমেনে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর জানায়, ইয়েমেনের পশ্চিম উপকূলে সহিংসতা দ্রুত বাড়তে থাকায় এক লাখের বেশি মানুষ দেশের ভেতরেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন। এ ছাড়া নিরাপত্তার আশায় হাজারো মানুষ জীবনঝুঁকি নিয়ে বাব আল মানদাব প্রণালি পাড়ি দিয়ে জিবুতিতে যাওয়ার চেষ্টা করছেন।
সংস্থাটি সতর্ক করে বলেছে, সহিংসতা অব্যাহত থাকলে ইয়েমেনে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ায় সীমিত সম্পদের ওপর নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীগুলোর ওপরও চাপ বাড়ছে।
ইয়েমেনে বাস্তুচ্যুত পরিবারগুলোর জরুরি সহায়তার জন্য অতিরিক্ত প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে ইউএনএইচসিআর। বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা এখন সবচেয়ে জরুরি প্রয়োজন।
ইউএনএইচসিআর আরও জানিয়েছে, ইয়েমেনে নিবন্ধিত ৬৫ হাজারের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীও চলমান সংঘাতে ঝুঁকির মুখে পড়েছেন। তাঁদের বেশিরভাগই সোমালিয়া ও ইথিওপিয়া থেকে আসা।
প্রতিবেদন অনুযায়ী, হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রার পর এই বাস্তুচ্যুতি বেড়েছে। হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে বাব আল মানদাব প্রণালিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা বাব আল মানদাব বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের কারণে অন্যান্য নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় এই জলপথের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।
সূত্র: আল জাজিরা
কালের আলো/এসএ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৫৪ অপরাহ্ণ