নতুন আইনি কাঠামোয় আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:২২ পূর্বাহ্ণ

নতুন আইনি কাঠামোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ইউনিটটির সব অভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এসআরবি মহাপরিচালক আহসান হাবীব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশব্যাপী বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

এ সময় নতুন আইনের আলোকে এসআরবির সব অভিযান পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন মহাপরিচালক। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে এসআরবি ফোর্সের যাত্রা শুরুর ঘোষণা দেন তিনি।

আহসান হাবীব জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের অনুমোদনক্রমে শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।

এসআরবির প্রতিটি সদস্যকে ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হবে এসআরবি।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়।

কালের আলো/এমএসআইপি/এসকে 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন