যুক্তরাজ্য-ইসরায়েল পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাড়ছে কূটনৈতিক চাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৩৭ পূর্বাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে ঘিরে যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর লন্ডনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তেলআবিব। দুই দেশের সাম্প্রতিক এই পাল্টাপাল্টি পদক্ষেপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর নতুন করে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে উৎপাদিত বিভিন্ন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে বসতি সম্প্রসারণে সহায়তা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং বসতিস্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের ওপর সহিংসতার বিষয়ে ইসরায়েল সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। তিনি জানান, এই নিষেধাজ্ঞা ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের নীতিতে নতুন একটি পদ্ধতির সূচনা করছে।

লন্ডনের সিদ্ধান্তের পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে পূর্ব জেরুজালেমে অবস্থিত যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধ করার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

এর আগে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিলে তারও পাল্টা জবাব দেওয়া হবে।

বিবিসি জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঠেকাতে যুক্তরাজ্য তাদের নীতিতে আরও কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে। নতুন বসতি নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলো যাতে অর্থায়ন, নির্মাণকাজ বা বিজ্ঞাপনের মতো কার্যক্রমে যুক্ত না হয়, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।

দুই দেশের বিরোধের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিম তীরের ‘ই-১’ এলাকা। সেখানে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ রয়েছে।

নতুন করে নিষেধাজ্ঞা ও পাল্টা পদক্ষেপের ফলে যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিকে কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্কের অন্যতম বড় সংকট হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি

কালের আলো/জেএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন